চালু হলো দুদকের প্রবাস হটলাইন

প্রবাসীদের জন্য নতুন হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখন থেকে প্রবাসীরা সহজেই ‘০০৮৮০৯৬১২১০৬১০৬’ নম্বরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন।
নম্বরটিতে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অভিযোগ দেয়া যাবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য আজ এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত বুধবার কমিশন জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনে প্রবাসীদের অভিযোগ নেয়ার ব্যবস্থা করেছিল। এর মাধ্যমে মাত্র ২ দিনেই অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের শতাধিক ফোন পাওয়া যায়।
এসব ফোনকলের অধিকাংশই প্রবাসীদের জায়গা-জমি, দোকান-পাট, এলাকার আইন-শৃঙ্খলা, ট্রাভেল এজেন্সির অনিয়ম এবং আকামা সংক্রান্ত। প্রবাসীদের কাছ থেকে নিয়মিত অভিযোগ নেয়ার বিষয়টি সহজ করতে হটলাইনে আর্ন্তজাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নেয় দুদক।



