পরিবেশ বিপর্যয়ে কয়েক কোটি মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা

কার্বন নিঃসরণ এখনই সহনীয় না হলে ২০৫০ সালের মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই কয়েক কোটি মানুষ গৃহহীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন, পরিবেশবিদ ড. কামরুজ্জামান।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের এই প্রভাব শুধু প্রকৃতিতেই নয়, পড়ছে মানুষের জীবনযাত্রাতেও। তাই আসন্ন ঝুঁকি থেকে মোকাবেলায় দায়িত্ববান হতে হবে সবাইকে। পরিবেশ দুষণ রোধে আগে থেকেই সতর্কতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।
পরিবেশবিদ ড. কামরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, সারাবিশ্বে যে পরিমাণ কার্বন উৎপন্ন হচ্ছে সে বিষয়ে এখনই সচেতন না হলে, আগামী দিনের মানুষের বসবাসের জন্য হুমকির কারণ হবে মানুষই। জলবায়ুর প্রভাব থেকে মুক্তি পেতে এখনি বন্ধ করতে হবে কার্বন উৎপাদন পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে নিজের জায়গা থেকে। এ ছাড়া কার্বন বন্ধে উন্নত দেশগুলোকে বড় ভূমিকা রাখতে হবে বলেও জানান এই পরিবেশ বিজ্ঞানী।
আধুনিক সভ্যতা বিকাশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের জীবনযাত্রার গতি। প্রয়োজনের তাগিদে বাড়ছে নগরায়ন, নুতন নতুন শিল্পকারখানা। অনেকের মতে, পৃথিবী এখন শিল্পায়নের এক স্বর্ণযুগ পার করছে।
মানুষের প্রয়োজনে তৈরি করা কলকারখানাই, ধীরে ধীরে বসবাসের অনুপযোগী করে ফেলছে পৃথিবীর পরিবেশ। মানুষ নিজেরই সৃষ্ট কার্বন গ্যাস, ধরিত্রীকে উত্তপ্ত করে তুলছে। ভারসাম্য হারাচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্য।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



