
হজ্ব প্যাকেজ ২০২০’এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুই প্যাকেজে এবার খরচ বেড়েছে ৬ হাজার ও ১৬ হাজার টাকা। সোমবার সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে বিস্তারিত জানান।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।
এসময় তিনি জানান, আসন্ন মৌসুমের হজ প্যাকেজ- ২০২০’এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ ১৪৪১, ৩০ জুলাই ২০২০ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তবে গতবারের চেয়ে হজ্ব প্যাকেজ-১’এ খরচ বেড়েছে সাড়ে ছয় হাজার টাকা। আর প্যাকেজ-২’এর ব্যয়, এবার বাড়ানো হয়েছে ১৬ হাজার টাকা।
এছাড়া মন্ত্রিসভা বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন- ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে স্থাপন করা হবে এই বিশ্ববিদ্যালয়।
আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা



