সাধারণ ক্ষমা পাচ্ছেন না কুয়েতে অবৈধ প্রবাসীরা

২০২০ সালের মধ্যে কুয়েতে সাধারণ ক্ষমা পাবেন না অবৈধ প্রবাসীরা। দেশটিতে অবৈধ প্রবাসীদের মধ্যে যারা গ্রেফতার হবেন, তাদের মধ্যপ্রাচ্যসহ কুয়েতে প্রবেশে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হবে।
দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালের মধ্যে, কোনো ধরনের সাধারণ ক্ষমা দেয়া হবে না। কারণ সাধারণ ক্ষমার সুবিধাকে বিপুল সংখ্যক অবৈধ প্রবাসীরা খারাপভাবে ব্যবহার করছেন।
দেশটির দৈনিক আল-রায় এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে এবার যাদের গ্রেফতার করা হবে, তাদের পাঠিয়ে দিলে, ৫ বছরের মধ্যে কুয়েতসহ কোনো আরব দেশে প্রবেশ করতে পারবেন না। তবে ৫ বছর অতিক্রম হলে আবার কুয়েতসহ আরব দেশগুলোতে যেতে পারবেন।
কুয়েতে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার অবৈধ প্রবাসী বসবাস করছেন। ২০১৮ সালে সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীদের জরিমানা না দিয়ে, আকামা সমস্যা সমাধানের সুযোগ করে দেয়া হয়েছিল।
এরপর জরিমানা দিয়েই আকামা সংশোধনের সুযোগ ছিল,তবে এ ধরনের সুযোগ এখন আর দেয়া হবে না বলে জানানো হয়েছে।



