সৌদিতে ওমরাহ ও ভিজিট ভিসা স্থগিত

বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য আপাতত ওমরাহ হজ্জ বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়াও করোনা সংক্রমিত দেশের মানুষকে সৌদিতে ভ্রমণ নিষিদ্ধ করেছে সৌদি কৃর্তপক্ষ। ভয়াবহ করোনা ভাইরাসের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, করোনা আক্রান্ত যেসব দেশের মানুষ সৌদি আরবের পর্যটক ভিসা পেয়েছেন, উচ্চমাত্রার ঝুঁকির কথা বিবেচনা করে তাদের ভিসাও বাতিল করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ ইরান, বাহরাইন, ইরাক, সংযুক্ত আবর আমিরাতসহ কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি জনগণের নিরপত্তার কথা চিন্তা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসে শুধুমাত্র চীনেই প্রাণ হারিয়েছে ২ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার।
এছাড়া, চীনের বাইরে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপানসহ কয়েকটি দেশে প্রাণ হারিয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।



