
একেবারে শেষে প্রান্তে এসে ভিড় বেড়েছে বইমেলায়। এখনো আসছে নতুন নতুন বই। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতার সংখ্যাও। মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে লোকজন। বিকেল গড়াতেই সব বয়সী পাঠকের মিলনমেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পাঠকদের পদচারণায় মুখর বইমেলা। প্রাণের মেলায় ঘুরে ঘুরে বই দেখার পাশাপাশি কিনছেন পাঠকরা। মেলার সময় শেষ হয়ে আসায় বেড়েছে বেচা-কেনাও। এছাড়া, অন্যন্য দিনের মত আজো নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় এসেছেন নানান বয়সের পাঠক-ভক্তরা। তেমনই একজন মোহাম্মদ শামসুজ্জোহা, তিনি এসেছেন দেশের প্রান্তিক জেলা চুয়াডাঙ্গা থেকে। বইমেলা প্রসঙ্গে তিনি জানালেন, বই মেলা মানে জ্ঞানের মেলা। যেখানে থরে থরে সাজানো থাকে তথ্য। সবমিলিয়ে বই মেলা যেন এক বিশাল জ্ঞানভাণ্ডার।
মেলায় আগত অপর এক বইপ্রেমী আফ্রোজা খাতুন, পেশায় একজন শিক্ষিকা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ছেলে-মেয়েরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা মেতে উঠেছেন মোবাইল নেশায়। এই বই মেলার মধ্যদিয়ে তারা আবার বই পড়তে আগ্রহী হয়ে উঠুক। ফিরে আসুক বইয়ের জগতে। সেই আগ্রহ ফেরাতে বইমেলা একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে।

মেলাজুড়ে আড্ডা চললেও থেমে নেই বিক্রি। মেলাতে এখন যারা আসছেন, তারা বেশির ভাগই বইয়ের ক্রেতা। মেলার শুরু থেকেই এবার বিক্রি কম এমনটা শোনা গেলেও শেষ সময়ে এসে প্রকাশকদের মুখে হাসি ফুটতে শুরু করেছে।
সৌরভ নূর, বাংলা টিভি



