খালেদা জিয়ার জামিন আদালতের বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয় আদালতের বিষয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। তবে, তাঁকে জেলাখানায় জেলকোড অনূযায়ী সকল সুবিধা দেওয়া হচ্ছে। রোববার দুপুরে মেহেরপুরের মুজিবনগর পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, তার স্বাস্থ্য পরিক্ষা ও চিকিৎসা দেশের সর্বচ্চ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকেরা বলেছেন দেশেই তার চিকিৎসা সম্ভব। আর খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বিষয়ে তিনি বলেন, আন্দোলনের কোন শক্তিই বিএনপির নেই। তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলীসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় মন্ত্রী মুজিবনগরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
বিকেলে শহরের শহীদ ডঃ সামসুজ্জোহা পার্কে মাদক ও জঙ্গীবাদ বিরোধী একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



