আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ড্রোন হামলায় ১৯ সিরীয় সেনা নিহত

সিরিয়ার ইদলিবে তুরস্কের ড্রোন হামলায় ১৯ সিরীয় সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি সেনা বহর এবং একটি সেনা ঘাঁটিতে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
এর আগে রবিবারও দুটি সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক। গত সপ্তাহে একটি বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহতের পর ইদলিবে উত্তেজনা বৃদ্ধি পায়।
এদিকে, হামলার পর তুরস্কের তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। ইদলিব শেষ প্রদেশ যেখানে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে সিরীয় বিদ্রোহীরা। তবে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে ইদলিব পুনরুদ্ধারের চেষ্টা করছে সিরিয়ার সরকারি বাহিনী।



