
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের বাইরের দু’জন অপরিচিত ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। সোমবার হাইকোর্টে দাখিল করা র্যাবের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পূর্ব নির্দেশনা অনুযায়ী এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অগ্রগতি বিষয়ে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে র্যাব ওই প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যায় দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগরের হাতে বাঁধা চাদর এবং রুনির টি-শার্টে ওই দুই পুরুষের ডিএনএ’র প্রমাণ মিলেছে বলে দাবি করেছে র্যাব। এই মামলা থেকে তানভীর রহমানকে অব্যাহতি দেওয়াও যুক্তিযুক্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



