নওগাঁয় করোনা সন্দেহে সিঙ্গাপুর ফেরত যুবককে হাসপাতালে

নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর প্রবাসী মেহেদী হাসান নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে নওগাঁ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। ফলে, হাসপাতালে সেবিকা ও রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর এ আতঙ্কে হাসপাতাল ত্যাগ করেছেন অনেক রোগী।
নওগাঁয় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান নামে সিঙ্গাপুর ফেরত এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে নওগাঁ সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। গত ২৮ ফেব্রুয়ারী মেহেদী তার গ্রামের বাড়িতে আসেন।
মেহেদী হাসান হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে। আবার অনেকে ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। পুরো হাসপাতালে এখন সেবিকা ও রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ভাইরাস মোকাবেলায় সুরক্ষিত পোশাক না থাকায়, ভয় কাজ করছে সেবিকাদের মাঝেও। ইতোমধ্যে রক্তের নমুনা নিয়ে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান, আবাসিক কর্মর্কতা চিকিৎসক ডা. মুনীর আলী আকন্দ।
গত চার বছর থেকে সিঙ্গাপুরে পড়াশোনার পাশাপাশি শ্রমিকের কাজ করতেন মেহেদী হাসান।
আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি



