বাংলাদেশি সেই ছাত্রীর হয়ে লড়বেন অধ্যাপকরা

শান্তিনিকেতনে বাংলাদেশি সেই ছাত্রীর পক্ষে আইনি লড়াইয়ে নেমেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। গত ২৬ ফেব্রুয়ারি মিমকে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে, দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এনআরসি এবং সিএএ নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে অভিযুক্ত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী আফসারা আনিকা মীমকে, ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে লড়বেন অধ্যাপকরা। এ নিয়ে আইনি লড়াই করতে, কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর সঙ্গে আলোচনাও শুরু করেছেন তারা।
জানা গেছে, গত বৃহস্পতিবার নোটিশটি পুনর্বিবেচনার জন্য, কলকাতায় বৈদেশিক নিবন্ধকের আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেছেন কুষ্টিয়ার মেয়ে মীম। এ নিয়ে কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট এক আইনজীবীর মতে, নোটিশটি আইনগতভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আছে।
কারণ ভারত বিরোধী কোনো কাজের প্রমাণ বা নির্দিষ্ট কোনো বিষয়ের উল্লেখ নেই। আর ওই ছাত্রীকে নিজের বক্তব্য পেশেরও সুযোগ দেয়া হয়নি। বিশ্বভারতীর বেশ কয়েকজন অধ্যাপক এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন।



