আওয়ামী লীগরাজনীতি

নতুন কারিকুলামে দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকবে না :

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, দশম শ্রেণি পর্যন্ত নতুন যে কারিকুলাম হচ্ছে, তাতে ভিন্ন কোনো বিভাগ থাকবে না। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সে অনুয়ায়ী কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। এর আগে পুরানবাজার ডিগ্রি কলেজ ও পরে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নোট বই, গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবেনা। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারী করা সম্ভব নয়। এ জন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

তবে সহায়ক বই থাকতে পারে। কারণ সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রনীত হলেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর সৈয়দ মো.গোলাম ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button