
অত্যন্ত গোপনীয়তায় ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নিয়েছেন, যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীম। অস্ত্র মামলায় এই জামিন দিয়েছেন হাইকোর্ট, ১২ ফেব্রুয়ারি জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয়।
এদিকে, জামিনের বিষয়ে কিছুই জানেন না বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান। রোববার খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি। যদিও জামিনের কাগজের একটি কপি গণমাধ্যমের কাছে পৌঁঁছেছে। তারপরেই সামনে আসে বিষয়টি।
এরআগে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিপুল পরিমাণ মাদক ও অর্থসহ গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা রয়েছে।
এ সময় নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র, তার একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের সাতটি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা করা হয়।



