
করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা বিষয়ে পরামর্শ দিয়ে বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেছেন, কেউ আতঙ্কিত হবেন না। চিকিৎসায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেন। এখন পর্যন্ত আক্রান্ত এক লাখ ৬ হাজারের মধ্যে ৬৩ হাজার ৮৩৪ জন সুস্থ্য হয়ে ফিরেছেন নিজ পরিবারের কাছে।
তিনি আরও বলেন, এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে দেয়া নির্দেশনাগুলো সাধ্যমত মেনে চললে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।
এই চিকিৎসক পরামর্শ দিয়ে বলেন, করমর্দন থেকে আপাতত বিরত থাকুন। নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খাবেন। সম্ভব হলে গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকুন। যতোটা সম্ভব জনসমাগম আপাতত এড়িয়ে চলতে হবে। পারত পক্ষে ঘরে থাকুন। প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না।
এদিকে, যাদেরকে শনাক্ত করা হয়েছে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা ভালো আছে বলে জানা গেছে।
এর আগে, রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আরো তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও এসময় জানানো হয়।



