কুমিল্লা সীমান্তে চা দোকানিকে পিটিয়ে হত্যা

কুমিল্লা সীমান্তে পাওনা টাকা দাবি করায় আনোয়ার হোসেন নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় মাদক কারবারি চক্র। নিহত আনোয়ার হোসেন কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সেতু মিয়ার ছেলে।
শনিবার বিকেলে সীমান্তের ৭৮ নম্বর পিলারের নিশ্চিন্তপুর এলাকা থেকে, ওই চা দোকানিকে ধরে নিয়ে ভারতের অভ্যন্তরে ত্রিপুরা রাজ্যের সিপাহজলা জেলার, সোনামুড়া উপজেলার ইউএনসি সীমান্ত এলাকায়, পিটিয়ে হত্যা করা হয়।
হত্যা শেষে ঘাতকরা তার লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সোনামুড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ৬০ নম্বর বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের নায়েক সুবেদার তাজুল ইসলাম জানান, নিহত আনোয়ার হোসেনের কাছ থেকে কিছু পণ্য নেন ভারতীয় এক ব্যক্তি।
আনোয়ার হোসেন তার কাছে পাওনা ৪৫০ টাকা দাবি করলে, তিনি টাকা না দিয়ে দোকানির সাথে বাকবিতণ্ডায় অংশ নেয়। পরে টাকা নিয়ে যাওয়ার জন্য আনোয়ারকে ডেকে কৌশলে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় কয়েকজন মিলে তাকে পিটিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন কাদির জানান, খবর পেয়ে নিশ্চিন্তপুর এলাকায় গিয়ে ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন তিনি। ঘটনাস্থল যেহেতু ভারতের অভ্যন্তরে তাই সেখানেই মামলা হবে। যথাযথ প্রক্রিয়া অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তার লাশ হস্তান্তর করবে ভারতীয় কর্তৃপক্ষ।



