
করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। সোমবার এ প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
এর আগে, সোমবারের মধ্যে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চান হাইকোর্ট। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তিনটি মৌখিক নির্দেশনা দেন।
এদিকে করোনা ভাইরাসের ঘটনায় দেশে যেন কেউ মাস্কসহ প্রয়োজনীয় সরঞ্জামের দাম বেশি এবং মজুদ করতে না পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেছেন হাইকোর্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আমিনুল হাসানের দেওয়া এ প্রতিবেদন উপস্থাপনের পর আদালত বলেন, খেয়াল রাখতে হবে কেউ যেন পেঁয়াজের মতো এর দাম না বাড়িয়ে দেয়। প্রয়োজনে মোবাইল কোর্ট ব্যবহার করতে হবে।



