
ভুয়া পরিচয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে এক প্রতারককে হাতেনাতে আটক করেছে রমনা থানা পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর বাংলা টিভি কার্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।
এ সময়, তার কাছ থেকে বাংলা টিভির নির্বাহী প্রযোজক ও বিটিভির প্রোগ্রাম প্লানার পরিচয়-সংবলিত ভুয়া ভিজিটিং কার্ডও উদ্ধার করা হয়। সে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বাংলা টিভির অনুষ্ঠান বিভাগের নির্বাহী প্রযোজক ও বিটিভির প্রোগ্রাম প্লানার পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বাংলা টিভির সাংবাদিকদের সহায়তায় বাংলাটিভি অফিসের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক নাদিম হাসান নিলয় দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন প্রতিষ্ঠানের পরিচয়পত্র, ভিজিটিং কার্ড ও টেলিভিশনের লোগো তৈরি করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন।
সর্বশেষ, রাজধানীর একটি স্কুলে বাংলা টিভির অনুষ্ঠান বিভাগের নির্বাহী প্রযোজক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন নাদিম। পরে তার ব্যাগ তল্লাশি করে ক্যামেরা, টেলিভিশন ও অনলাইন প্রতিষ্ঠানের পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
মাসুদ সুমন, বাংলা টিভি



