টঙ্গীতে শ্রমিক নিহতের ঘটনা ২০ হাজার টাকায় দফারফা

টঙ্গীতে মাত্র ২০ হাজার টাকায় দফারফা হলো লিফট ছিড়ে পড়ে মারা যাওয়া জুলহাস (৩৫) নিহতের ঘটনা। মামলা না করে মীমাংসার মাধ্যমে থানায় বসে হলফনামায় সই নিয়ে ২০ হাজার টাকা দিয়ে লাশসহ জুলহাসের মা-বোন, মেয়েদের পাঠিয়ে দেয়া হয়।
মানুষের জীবনের মূল্য মাত্র ২০ হাজার টাকা? এমন প্রশ্ন এখন অনেক শ্রমিকের মনে। জুলহাসের লাশের সাথে ২০ হাজার টাকা দিয়ে বলা হয়, লাশ নিয়ে চলে যেতে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প নগরীর তাজ ওয়াশিং নামে এক কারখানায়।
রবিবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটলেও গণমাধ্যমের চোখকে ফাঁকি দিয়ে দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত লাশ থানায় ফেলে রেখে এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।
জানা গেছে, নিহত জুলহাস মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার কুলিয়ারচর মাস্টার বাড়ি গ্রামের মৃত রহমত আলীর ছেলে। সে টঙ্গীর সালামের আটারকল এলাকায় ভাড়া থাকতো।
নিহতের সহকর্মী আজিজুল জানান, ৪র্থ তলা থেকে তিনি ও জুলহাস মাল নিয়ে লিফটে করে নিচে নামছিলো এমন সময় হটাৎ বিকট শব্দে লিফট ছিরে পরে যায়। গুরুতর আহত অবস্থাতে শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে কথা বলতে গেলে তাজ ওয়াশিং এর কর্তৃপক্ষ কাউকেই পাওয়া যায়নি।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



