
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরার পরই দেশে বেড়ে যায় মাস্কের দাম। এবার বাংলাদেশে শনাক্ত হওয়ার পর বাজার, ফার্মেসি ও সুপারশপগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। কৃত্তিম সংকট সৃষ্টি করে এসব পণ্যের বাড়তি দাম রাখা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, এই সুযোগে পণ্যগুলোর দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সোমবার (৯ মার্চ) ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে মূল্য নির্ধারণ করেছে। সাতটি কোম্পানির স্যানিটাইজারের দাম নির্ধারণ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নিম্নে তুলে ধরা হলো দামগুলো,,
মেসার্স এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যান্ডিরাব সল্যুশন ৫০ মিলিলিটার ৪০ টাকা ও ১০০ মিলিলিটার ৫২ টাকায় এবং ২০০ মিলিলিটার ১০০ টাকা।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জারমিসল হ্যান্ড রাব ২০০ মিলিলিটার বোতল (পাম্প ও ডিসপেনসারসহ) ১৪০ টাকা ৪২ পয়সা, জারমিসল হ্যান্ড রাব (ওয়াসারসহ) ২০০ মিলিলিটারের বোতল ১৩০ টাকা ৩৯ পয়সা ও জারমিসল হ্যান্ড রাব ৫০ মিলিলিটার বোতল ৪০ টাকা।
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) হেক্সিসল হ্যান্ড রাব (ডিসপেনসারসহ) ৫০০ মিলিলিটার ২১৫ টাকা ৬৫ পয়সা, ২৫০ মিলিলিটার (ডিসপেনসারসহ) ১৪০ টাকা ৪২ পয়সা।
হেক্সিসল হ্যান্ড রাব ২৫০ মিলিলিটার (বোতল) ১৩০ টাকা ৩৯ পয়সা, ৫০০ মিলিলিটার বোতল ১৯৬ টাকা ৩৩ পয়সা, ৫০ মিলিলিটার বোতল ৪০ টাকা ১২ পয়সা। ক্লিনজেল হ্যান্ড স্যানিটাইজার ১০ মিলিলিটার ১০ টাকায় ও ৫০ মিলিলিটার ১০০ টাকা।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের স্যানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলিলিটার ৩০০ টাকায়, স্যানিককর্ড জেল ছয় গ্রামের টিউব ৫০ টাকা, স্যানিটাইজার হ্যান্ড রাব ২৫০ মিলিলিটার ১৩০ টাকায়, ৫০ মিলিলিটার ৪০ টাকা। জেনারেল ফার্মাসিউটিক্যালসের হ্যান্ডিওয়াশ সলিউশন ৫০ মিলিলিটারের বোতল ৪০ টাকা এবং ২৫০ মিলিলিটারের বোতল ১৩০ টাকা।
গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালসের ২৫০ মিলিলিটারের হ্যান্ডস্কাব ২৫০ টাকা, ২৫০ মিলিলিটারের হ্যান্ডিসোল ১৩০ টাকা, ১২৫ মিলিলিটারের হ্যান্ডিসোল ৭০ টাকা ও ৫০ মিলিলিটারের হ্যান্ডিসোল ৪০ টাকা। অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কেভিরাব হ্যান্ড রাব ৫০ মিলিলিটারের বোতল ৪০ টাকা, ২৫০ মিলিলিটারের বোতল ১০৫ টাকা ৭২ পয়সা ও ৫০ মিলিলিটারের বোতল ৩১ টাকা ২২ পয়সা।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বেঁধে দেয়া মূল্যের চেয়ে অধিক মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়।
আর ওষুধ শিল্প সমিতি ও স্যানিটাইজার সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের কাছে স্যানিটাইজার সামগ্রীর পর্যাপ্ত মজুদ রয়েছে। বাড়তি দামে এসব পণ্য না কেনার পরামর্শ তাদের।



