
করোনা আক্রান্ত তিন রোগীর মধ্যে দুইজনের অবস্থার উন্নতি হয়েছে। অন্যজনও শারীরিকভাবে সুস্থ বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মহাখালীতে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময়, আবারও সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন সেব্রিনা।
বুধবার সকালে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা সংগ্রহ করে কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে, করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলেও জানান তিনি।
এ সময় আতঙ্কিত না হয়ে, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, সবাইকে জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দেন সেব্রিনা। দেশে এ যাবৎ ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।
আরমান কায়সার, বাংলাটিভি



