চাঁদপুরে করোনা সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি

চাঁদপুরের মতলব উত্তরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, নাটোরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলা সিভিল সার্জনের নেতৃতে গঠন করা হয়েছে, মেডিকেল টিম।
আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে ৫ শয্যার একটি আইসোলেশন ইউনিট গঠনসহ সেবা প্রদানকারী চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রেখেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার ইতালি থেকে বাংলাদেশে আসা এক ব্যক্তিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চাঁদপুরের মতলব উত্তরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে চিকিৎসা দেয়া হচ্ছে। ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হতে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর কর্মকর্তারা তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।
নাটোর সদর হাসপাতালে করোনা প্রতিরোধে আইসোলেশন ইউনিট গঠনের পাশাপাশি নলডাঙ্গা ও বড়াইগ্রাম উপজেলার নির্মানাধীন ভবনে আইসোলেশন ইউনিট খোলা হচ্ছে। শহরতলীর একডালা এলাকায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের অব্যবহৃত ভবঘুরে আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানের জন্য আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে। এ কেন্দ্রে প্রথম পর্যায়ে ৪০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, শরীয়তপুরে সদর হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন নড়িয়া উপজেলার শতাধিক প্রবাসী। হঠাৎ দেশে ফিরে আসায় করোনা ঝুকি মোকাবেলায় সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে, বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া, ভাইরাসের সংক্রমণরোধে মেহেরপুরে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিরোধ কমিটি। তবে এ পর্যন্ত জেলার কোথাও করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



