কুড়িগ্রামে মানববন্ধন করে আরিফুলের মুক্তির দাবি

কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের শাপলা চত্ত্বর এলাকায় এ কর্মসূচি পালন করে সর্বস্তরের সাংবাদিকরা।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, দৈনিক কুড়িগ্রাম খবরের সাংবাদিক এসএম ছানালাল বকসীসহ অন্যরা।
আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহার করে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। গতরাতে বাড়ি থেকে আরিফুল ইসলামকে তুলে নিয়ে গিয়ে মোবাইল কোর্টে ১ বছরের জেল দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার দিবাগত রাত ১২টার পর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট আনসার সদস্যদের নিয়ে তার শহরের চড়ুয়া পাড়ার বাড়িতে যায়। একপর্যায়ে জোর পূর্বক দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে তার স্ত্রী সন্তানের সামনেই তাকে মারধর করে ধরে নিয়ে আসে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তুলে তাকে ১ বছরের কারাদন্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরিফুল ইসলামের পরিবারের সদস্যরা অভিযোগ করেন জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন ও ফেসবুকে লেখার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।



