অন্যান্যবাংলাদেশ

পর্যবেক্ষণে বিদেশ ফেরতরা, হজক্যাম্প তত্ত্বাবধানে সেনাবাহিনী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আশকোনা হজ ক্যাম্পে ইতালি ফেরতদের এক্সেস কন্ট্রোল ও নিরপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর, আইএসপিআর।

এর আগে, শনিবার দুপুর ২টার দিকে ইতালিফেরত ১৪২ জন বাংলাদেশি নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।

অন্যদিকে, বাইরে থাকা তাদের স্বজনরাও এ বিক্ষোভে যোগ দেন। পরে সন্ধায় অপর এক ফ্লাইটে আরও ৩৬ জন বাংলাদেশি ইতালি থেকে ঢাকায় ফেরেন।

ইতালি ফেরত ব্যক্তিদের অভিযোগ, হজক্যাম্পে আনার পর তাদের নিয়ে কর্তৃপক্ষ কী করতে চায়, তা বলা হচ্ছে না। কেবল পানি ছাড়া তাদের কোনো খাবার দেওয়া হয়নি। এ অবস্থায় নিজ বাড়িতে কোয়ারেনটাইনে থাকতে চাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা।

এদিকে, ১৪ দিনের বাধ্যতামুলক কোয়ারেন্টাইন ঘোষণার সিভিল সার্জন ডা. মইনুল আহসান জানান, স্বাস্থ্যপরীক্ষার পর প্রয়োজন অনুসারে চিকিৎসা দেয়া হবে তাদের।

এদিকে, শুক্রবার রাতে এই প্রবাসীদের দেশে ফেরার কথা গণমাধ্যমে প্রকাশিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। চীনের পর সবচেয়ে বেশি করোনা-বিপর্যস্ত দেশ ইতালি। সেখান থেকে শতাধিক প্রবাসীর দেশে ফেরায় বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন অনেকেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button