
রোববার সকালে ইতালি থেকে ঢাকায় ফিরেছেন আরো ১৫৫ জন বাংলাদেশি। তাদের প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করে আশকোনার হজ্বকাম্পে পর্যবেক্ষণে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক সেব্রিনা ফ্লোরা।
এসময় তিনি বলেন, বিদেশ থেকে ফেরা কাউকেই হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। প্রত্যেককে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে নামার পর, প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়। সেখান থেকে তাদের ৪টি বাসে আশকোনার হজ্বকাম্পে পর্যবেক্ষণে নেয়া হয়। এসময় আগমনীদের বাড়ি নিতে আসা অনেক স্বজনও ক্যাম্পের বাইরে অবস্থান নেন।
করোনা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে, আইইডিসিআর এর সম্মেলন কক্ষে নিয়মিত ব্রিফিং করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা। এসময় তিনি জানান, নতুন শনাক্ত দু’জনসহ এখন পর্যন্ত দেখে করোনা আক্রান্তের সংখ্যা ৫। আর আগের তিনজনই বর্তমানে সুস্থ।
বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনের বিষয়ে আপোসের কোন সুযোগ নেই উল্লেখ করে ফ্লোরা বলেন, অন্তত আপনজনের সুরক্ষার জন্য হলেও প্রত্যেককেই অবশ্যই ১৪ দিন বিশেষ সতর্কতায় থাকতে হবে।
দেশে বিভিন্ন জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে এবং ১০ জন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন বলেও জানায় রোগতত্ত্ব বিভাগ।
মাসুদ সুমন, বাংলা টিভি



