
করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলো থেকে আসা বাংলাদেশিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ফলে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। করোনা প্রতিরোধে সারাদেশে ব্যাপক প্রস্তুতি ও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন।
এদিকে, এর প্রতিরোধে হিলি স্থলবন্দরসহ অন্যান্য স্থলবন্দরগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রামে ইতালি থেকে আসা করোনাভাইরাসের কারণে আরো ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে গত ৮ মার্চ ইতালি থেকে দেশে ফেরা ৭জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। চট্টগ্রামে বর্তমানে ২১ জন বাসায় পর্যবেক্ষণে আছেন।
চাঁদপুরে করোনা মোকাবিলায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ১শ’টি আইসোলেশন ওয়ার্ড। এসব তথ্য জানান, জেলা সিভিল সার্জন ডাক্তার মো সাখাওয়াত হোসেন।
করোনা প্রতিরোধে হিলি স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ। ভারত থেকে আমদানি করা পণ্যবাহি ট্রাকগুলো, বন্দরের পানামা ওয়ার হাউজের প্রবেশ মুখে ৩জন সিকিউরিটি গার্ড দিয়ে ভারতীয় ট্রাক চালক ও তার সহকারিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ইতালি থেকে আসা ৪৮ জন বাংলাদেশিকে গাজীপুর মহানগরের পূবাইলে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে। এসব প্রবাসীর কেউ করোনা আক্রান্ত কি না, তা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনার অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন। এদিকে, রোববার সকাল পর্যন্ত ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই ইতালী, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া ও দুবাই ফেরত।
ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে বিএনপির সচেতনতামুলক লিফলেট বিতরণে বাঁধা দেয় পুলিশ।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



