ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বৃটেনে বিক্ষোভ

বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামের উদ্যোগে, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় চার দফা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং করোনা ভাইরাস থেকে সকলকে হেফাজত করা ও ভারতে মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য দোয়া করা হয় ।
শনিবার লন্ডন মুসলিম সেন্টারের গ্যান্ড হলে সংগঠনের সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক ও মজলিসে আমেলা সদস্য মাওলানা আবুল হাসনাত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায়, ভারতে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রতিক দিল্লিতে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে, জাতিসংঘের তত্বাবধানে দিল্লী গণহত্যার তদন্তের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে সাম্প্রতিক মুসলিম গণহত্যা, মোদি সরকারের নিরংকুশ হিন্দু রাষ্ট্র গঠনের জন্য ভারত থেকে মুসলিম তাড়নোর পরিকল্পনার অংশ। এসময় বক্তারা বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও সেক্যুলার রাষ্ট্র হওয়া সত্তেও, গণহত্যায় দিল্লী প্রশাসন ও পুলিশ নিরব ভূমিকা পালন করেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয় ,রাষ্ট্রের সংখ্যা লঘু নাগরিকদের সার্বিক নিরাপত্তা বিধান করা এবং তাদের স্ব স্ব ধর্মীয় স্থাপনাসহ তাদের বিশ্বাস ও ধর্মকর্মের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব । কিন্তু মোদি সরকার তা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ, মস্ক কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, মাইল এন্ড মসজিদের চেয়ারম্যান মাওলানা জমশেদ আলী, ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়খ আব্দুল কাইয়ূম ও জাস্টিস ফর রোহিংগা ইউকের চেয়ারম্যান শায়খ রামজীসহ অন্যান্যরা।



