স্লোভেনিয়ায় বিড়ম্বনায় বাংলাদেশি শিক্ষার্থীরা

স্লোভেনিয়ায় বিড়ম্বনার শিকার বাংলাদেশি শিক্ষার্থীরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। স্লোভেনিয়ায় বহিরাগত শিক্ষার্থীদের জন্য, অনেক সুযোগ-সুবিধা থাকলেও, বাংলাদেশি শিক্ষার্থীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বাংলাদেশের একটি অনারারি কনস্যুলেট থাকলেও, নানা কারণে সেটি দীর্ঘদিন ধরেই অনেকটা নিষ্ক্রিয়।
দেশটিতে বাংলাদেশের এম্বাসি না থাকায়, শিক্ষার্থীদের ডকুমেন্ট লিগালাইজেশন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় সেবা পেতে, পার্শ্ববর্তী দেশ অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যেতে হয়, যা ছাত্রদের পক্ষে অধিক সময়সাপেক্ষ এবং ব্যায়বহুল ।
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিংবা শ্রীলঙ্কার নাগরিকরা এখানে বাঙালীদের থেকে বেশী সুবিধা ভোগ করছেন। কারন এসব দেশের সরকারের সঙ্গে স্লোভেনিয়া সরকারের দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি রয়েছে।
স্লোভেনিয়ায় পড়তে আসা একজন বাঙালী শিক্ষার্থী যদি ১০০ ইউরো আয় করেন, তবে, ৩৪ থেকে ৪০ শতাংশ তাকে ট্যাক্স দিতে হয়, যা পার্শ্ববর্তী দেশ ভারত বা শ্রীলঙ্কার ছাত্রদের দিতে হয় না। বাংলাদেশ সরকারের সঙ্গে স্লোভেনিয়ার সরকারের একটি পারস্পরিক সমঝোতা চুক্তি এখন সময়ের দাবি ।



