নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিউইয়র্কে করোনা সচেতনতায় বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন এক বাংলাদেশি চিকিৎসক।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র আয়োজনে প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে, তার চেম্বারের সামনে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এসময় শতাধিক মানুষকে বিনামূল্যে এই স্যানিটাইজার বিতরণ করা হয়। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সারিবদ্ধভাবে এই স্যানিটাইজার গ্রহণ করেন।
ডা. ফেরদৌস খন্দকার জানিয়েছেন, বাজারে স্যানিটাইজারের ঘাটতি থাকায় ৭০ শতাংশ রাবিং অ্যালকোহলের সাথে অ্যালোভেরা মিশিয়ে এই স্যানিটাইজার হাতে বানানো হয়েছে। উপস্থিত জনগণ এই উদ্যোগের জন্য ডা. ফেরদৌস খন্দকার এবং শেখ রাসেল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
ডা. ফেরদৌস বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ঘন ঘন হাত ধুতে হবে। অন্তত ২০ সেকেন্ড সাবান পানিতে হাত ধুতে হবে। কোন কারণে হাত ধোয়া সম্ভব না হলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করতে হবে।



