রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ করল সৌদি সরকার

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, অন্যান্য দেশের ন্যায় সৌদি আরবে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা, শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৮ জন সংক্রমিত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।
করোনা রোধে দেশটির সরকার প্রতিদিনই নতুন নতুন পদক্ষেপ হাতে নিচ্ছে, যা দেখে বোঝা যায় অনেকটা লকডাউন এর দিকেই যাচ্ছে সৌদি আরব। সেই সূত্রেই রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ করেছে দেশটির সরকার। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে, বসে খাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হলেও পার্সেলের মাধ্যমে খাবার বিক্রি করতে পারবেন রেস্টুরেন্ট মালিক। ইতোপূর্বে সৌদি আরবে বাইরের দেশগুলো থেকে যেকোন ভিসায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে আক্রান্ত দেশগুলির সঙ্গে ফ্লাইট চলাচল।
করোনাভাইরাস ছড়ানো থামাতে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ওমরাহ হজ্ব ও তাওয়াফ, এবং সম্প্রতি মসজিদে জুমার নামাজ পড়ানোও বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে যেকোন সভা ও জমায়েত, এমনকি কমিউনিটি সেন্টারেও কোনপ্রকার অনুষ্ঠান করা যাবে না।



