অস্ট্রেলিয়ায় মুজিব জন্মশতবার্ষিকী পালিত

অস্ট্রেলিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে, মুজিব জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
১৭ই মার্চের প্রথম প্রহরে, সিডনির বাঙালি অধ্যুষিত ল্যাকেম্বা এলাকায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে, একশোটি মোমবাতি জ্বালিয়ে এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এসময় দেশাত্মবোধক গান এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারিত হয়।
পরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েতুর রহিম বেলালের সভাপতিত্বে এবং অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীমের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আবুল হাসনাৎ মিল্টন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ রাখা যাবেনা। বঙ্গবন্ধুর নিবেদিত সৈনিক হিসেবে তাঁর আদর্শকে ধারণ ও বাস্তবায়ন করাই হোক আমাদের অঙ্গীকার।
এসময় আরও বক্তব্য রাখেন, অপু সারোয়ার, হাসান শিমুন, ফারুক রবিন, কৃষক লীগের আহবায়ক শাহ আলম, সাংবাদিক আব্দুল মতিন এবং সেলিমা বেগমসহ অনেকে। শেষে আনন্দ র্যালী বের করা হয়।



