হোম কোয়ারেন্টাইনে না থাকায় ইতালি প্রবাসীকে জরিমানা

শরীয়তপুরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করার দায়ে, সাগর মন্ডল নামে এক ইতালী প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায়, প্রকাশ্যে চলাফেরা করায় তাকে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান শেখ। ওই প্রবাসী নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের শান্তি মন্ডলের ছেলে।
তিনি গত ১৪ মার্চ ইতালী থেকে দেশে ফিরে, বাড়িতে না থেকে আত্মীয়ের বাড়ি প্রেমতলা এলাকায় চলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যেসব প্রবাসী সম্প্রতি দেশে ফিরেছেন, তাদের সরকারি নির্দেশে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
কিন্তু ওই ইতালী প্রবাসী বন্ধুদের সঙ্গে পালং উত্তরবাজার ও প্রেমতলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২৫ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি, নজরদারীতে রাখা হয়েছে।
নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি



