সৌদিতে বাংলাদেশিসহ করোনায় আক্রান্ত ১৭১

বর্তমানে পুরো পৃথিবীতে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। চীন থেকে উৎপত্তি এই ভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। মরভূমির দেশ সৌদি আরবে এখন পর্যন্ত এ ভাইরাসে প্রবাসী বাংলাদেশিসহ আক্রান্ত হয়েছেন ১৭১ জন। ফলে, প্রবাসী বাংলাদেশিরা বেশ আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন।
মরভূমির দেশ সৌদি আরবে প্রায় ২০ থেকে ২২ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। বর্তমানে এসব প্রবাসীদের মাঝে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। ভাইরাসের কারনে লোকজন প্রয়োজনীয় কাজ ছাড়া রুমের বাইরে বের না হওয়ায়, ব্যবসায় প্রভাব পড়েছে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।
অন্যদিকে, যেসব বাংলাদেশি ছুটি নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন, এ ভাইরাসের কারনে তারাও রয়েছেন সংশয়ে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ ঘোষণা করায়, শিক্ষার্থী ও অভিভাবকরাও রয়েছেন হতাশায়।
এই ভাইরাসের ফলে ইতোমধ্যে দেশটি থেকে সব ধরনের বিমানের ফ্লাইট স্থগিত করেছে সৌদি সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল থিয়েটার ও সিনেমা হল, দোকানপাট, হোটেল ও সেলুন।
গত ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে ভাইরাসটি ধরা পরার পর, পুরো পৃথিবীজুড়ে দেড় লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০০০ এর বেশি মানুষের। সারাবিশ্ব এখন করোনাভাইরাস আতংকে দিন কাটাচ্ছেন।
এ কে আজাদ, রিয়াদ প্রতিনিধি



