
করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সাংবাদিকতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং চিকিৎসা পেশায় নিয়োজিতরা। কাজের প্রয়োজনে তাদের ঘরে বসে থাকার কোনো উপায় নেই।
আর তাই এই তিন পেশার মানুষের জন্য পিপিই (ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম) সরবরাহ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ডাক্তার ও নার্সদের কর্তব্য পালন করতে গিয়ে বাইরে বের হতেই হয় এবং অসংখ্য মানুষের মুখোমুখি হন।
তাদের নিরাপত্তার স্বার্থে পিপিই একান্ত আবশ্যক। কিন্তু উক্ত বিষয়ে ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ না করায় এ নোটিশটি পাঠানো হলো। এই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে মহামান্য হাইকোর্ট বিভাগে যথাযথ প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, সমাজকল্যাণ সচিব, তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহা-পরিচালক, আইজিপি, আইইডিসিআর ও আইসিডিডিআরবিসহ সংশ্লিষ্টদের নোটিশটি পাঠান তিনি।



