আবুধাবি ও দুবাই রুটে সব ধরনের ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার ফলে, দেশটির আবুধাবি ও দুবাই রুটে, সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে সারাবিশ্বের অনেক মানুষ মারা গেছেন।
আর প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেকে। করোনায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে, এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৩ জন। রোগটির বিস্তার ঠেকাতে সবধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে দেশটি। বৃহস্পতিবার থেকে আগামী দুই সপ্তাহ সবধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকার ঘোষণার পরই, এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর আগে, করোনার বিস্তাররোধে স্থানীয় সরকারের সিদ্ধান্তের কারণে, আরও বেশ কয়েকটি রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। সবশেষ, গত মঙ্গলবার মালয়েশিয়াকে লক-ডাউন ঘোষণা করা হলে, কুয়ালালামপুর রুটের ফ্লাইটও বাতিল করে দেয় এ এয়ারলাইন্সটি।



