ইতালিতে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোলাম মাওলা নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শুক্রবার ইতালির মিলানে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোন বাংলাদেশি দেশটিতে মারা গেলেন।
জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে মিলানের নিগোয়ারদা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে গত শুক্রবার না ফেরার দেশে চলে যান তিনি।
গোলাম মাওলা স্বপরিবারে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মাঝে আতংক বেড়ে গেছে। মরণব্যাধি করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে ইতালিতে। সেখানে একদিনেই ৬২৭ জনের মৃত্যু হয়েছে।



