বিশ্ববাংলা
তাবুকে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের তাবুকে রেদোয়ান আলম রিপন নামে এক বাংলাদেশি ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার স্থানীয় সময় সকালে তাবুকের দাখিল এলাকায়, নিজ বাসায় মারা যান তিনি।
রিপনের আত্মীয় মাজেদুর রহমান মাজেদ জানান, বাসায় একা ঘুমিয়ে ছিলেন রিপন। পরে বাসায় পাশের রুমের লোকজন এসে তাকে মৃত অবস্থায় পান এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ তাবুকের কিং খালেদ হসপাতালে নিয়ে গেলে, সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, মরদেহ তাবুক কিং খালেদ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রেদোয়ান আলম রিপন এর বাড়ি মাগুরা জেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার পিতার নাম কিতাব আলী মাস্টার।



