বিশ্ববাংলা
ম্যানহাটনে গুরুতর আহত এক বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে দুর্বৃত্তের হামলায় মফিজুল হক নামে এক বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৩ মার্চ।
বর্তমানে মফিজুল হক ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের আইসিইউতে রয়েছেন। মফিজুল হক ইমিগ্র্যান্ট হয়ে প্রায় ১০ বছর আগে আমেরিকায় যান। পরিবার নিয়ে ব্রুকলিনের কনি আইল্যান্ডে থাকতেন তিনি। সেখানে জীবিকা নির্বাহের জন্য হলুদ ট্যাক্সি চালান।
গত ১৩ মার্চ মফিজুল হককে ম্যানহাটনের ১১৬ হাডসনের পাশে অচেতন ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। কে বা কারা পুলিশে ফোন করলে পুলিশ এসে তাকে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যায়। মফিজুল হকের বাড়ি বাংলাদেশের কোম্পানীগঞ্জের চরহাজারিতে।
আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি



