করোনা আতঙ্কে কাঁপছে দেশ

করোনাভাইরাস সন্দেহে সিলেটে আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা যাত্রীদের হাতে কোয়ারেইন্টাইন সিল দেয়া শুরু করেছে ইমিগ্রেশন কতৃপক্ষ। এছাড়াও সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক কর্মসূচি পালন করছে, বিভিন্ন সামাজিক সংগঠন।
সিলেটে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে লন্ডন ফেরত এক নারী মারা গেছেন। সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানান, গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। এরপর অসুস্থ হয়ে পড়লে গত ২০ মার্চ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা যাত্রীদের হাতে ১৪ দিনের কোয়ারেইন্টাইন সিল দেয়া শুরু করেছে ইমিগ্রেশন কতৃপক্ষ। বন্দরে যাত্রী পারাপারে বেশ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকেই বন্দর এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পণ্যবাহী ট্রাকের চালক ও সহযোগীকেও মাস্ক পরতে হচ্ছে।
ভারতের হিলিতে লকডাউন ঘোষনায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, করোনার কারলে রোববার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
রংপুরে অসহায়-দুস্থ পথশিশুদের মাঝে হাত ধোয়া এবং মাক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
পাবনা পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, বিদেশ ফেরতরা ঠিকমত হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা তা কঠোরভাবে নজরদারী করতে হবে।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



