
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা। যার যার জায়গা থেকে সবাই সচেতন হলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ মহামারি সহজেই মোকাবিলা করা সম্ভব বলেও মনে করেন তারা। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চলারও আহবান জানিয়েছেন, এই বিশেষজ্ঞরা।
নভেল করোনা ভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় দুশো দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। মাতৃভূমি বাংলাদেশেও লেগেছে এর বিষাক্ত ছোবল।
ইতোমধ্যেই এর প্রভাবও পড়তে শুরু করেছে বিশ্বের অন্যতম ব্যস্ত মহানগরী ঢাকায়। প্রায় জনশূন্য হয়ে পড়েছে এই মেগা সিটি। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস মোকাবেলায় ভয় না পেয়ে সাহসিকতার সাথে প্রতিহত করতে হবে। আর তাই এ জন্য সবচেয়ে বেশি জরুরী জনগণের সচেতনতা।
সরকারের পাশাপাশি, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করলেই প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও মনে করেন তারা। এ ছাড়া সাধারণ জ্বর সর্দি-কাশি হলেই আতংকিত না হওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসকরা।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



