
সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার লঞ্চ-ট্রেন বন্ধ করা হয়। বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে বাস চলাচলও। তাই ঘরেমুখী মানুষে উপচে পড়া ভিড় এখন বাসটার্মিনাল গুলোতে। এদিকে, ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে শ্রমিক সংগঠনগুলোও।
করোনাভাইরাসে নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। চলাফেরায় মানুষের আতঙ্ক, কে কখন, কিভাবে ভাইরাসে সংক্রমিত হয়ে যায়। সামাজিক দুরত্ব নিশ্চিতে সরকার টানা ১০ দিনে ছুটি ঘোষণার পর থেকে পরিজন নিয়ে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ।
এরইমধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। পরিবারের নিরাপত্তার কথা ভেবে অনেকেই যাচ্ছেন নিজ গ্রামের বাড়ি। বুধবার বাস টার্মিনালগুলোতে সারাদিন ছিল ঘরে ফেরা মানুষের ভিড়।
ঘরমুখো মানুষদের নিরাপদে ফেরা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে হাত ধোয়া, মাস্ক পরানোর পাশাপাশি নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। সচেতনতা কাজেও সহযোগিতা করছে শ্রমিক সংগঠনগুলো।
এদিকে, এরইমধ্যে মঙ্গলবার রাত থেকে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ করায় একেবারে ফাকা কমলাপুর রেলস্টেশন। কেবল যারা অগ্রিম টিকেট কেটেছিল, তাদের টাকা ফেরত দেয়া হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সড়কে যাত্রী পরিবহন।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



