টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ৭টায় মধ্য আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল মর্গে প্ররণ করেছে। নিহতের নাম নজরুল ইসলাম(৩০)। সে শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে।
পুলিশ জানায়, নজরুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার দিন বিকেলে নজরুল আউচপাড়া এলাকায় এলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত নজরুল গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জনৈক হাবিবুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে বসবসা করে আসছিলো। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



