নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ৮ বাংলাদেশির মুত্যু

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ২৩ বাংলাদেশি প্রাণ হারালেন। এ ছাড়া মিশিগানের ডেট্রয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে, বৃহত্তর সিলেটের দুই নারীর মৃত্যুসংবাদ পাওয়া গেছে।
নিউইয়র্কের মৃতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন, ফরিদপুরের বিজিত কুমার সাহা,যশোরের মির্জা হুদা, সিলেটের মোদাব্বির হোসেন চৌধুরী, চাঁদপুরের শফিকুর রহমান এবং জায়েদ আলম।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে, ২৪৮৪ জন করোনায় মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত নিউইয়র্কে, ৫৯ হাজার ৬৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৬৫ জন।
শহরটিতে প্রতিদিনই মৃত্যুর সাড়িতে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। নাইন ইলেভেনে টুইন টাওয়ার ধ্বংসের পর, নিউইয়র্কবাসী এমন আতঙ্ক আর কখনও অনুভব করেনি।



