বিশ্ববাংলা

জাপানে আটকে পড়া বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের আহবান

জাপানে আটকে পড়া বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বুধবার টোকিওর বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে, জাপানে যেসব বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন, তারা যেন টোকিওর বাংলাদেশ দূতাবাসে গিয়ে যোগাযোগ করেন।

বিজ্ঞপ্তিতে যেসব ছাত্র-ছাত্রী ইতোমধ্যে ২০২০ সালের মার্চে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ করেছেন, কিন্তু লকডাউনের কারণে বাংলাদেশে ফিরতে পারছেন না,তাদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তাদের নাম, পাসপোর্ট নম্বার, বিশ্ববিদ্যালয়ের নাম, বৃত্তির নাম, জন্ম তারিখ, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বাংলাদেশের বর্তমান ঠিকানা, জাপানের ঠিকানা, জাপানের ফোন নম্বর, ইমেইল, পাসপোর্টের কপি এবং আটকে পড়ার প্রমাণ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন পত্রসহ, যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

এছাড়াও ব্যবসায়ী, পর্যটক ইত্যাদি পেশার যেসব মানুষ বাংলাদেশ থেকে সম্প্রতি জাপান গেছেন, কিন্তু এখনও ফিরে আসতে পারছেন না, তাদেরকেও অনুরূপ তথ্য পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button