করোনায় বেড়েছে নিরাপত্তা মাস্কের চাহিদা

করোনা আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে নিরাপত্তা মাস্কের চাহিদা। সার্জিক্যাল মাস্ক না পাওয়ায় স্থানীয় বিভিন্ন কারখানায় উৎপাদিত নন সার্জিক্যাল মাস্কই ভরসা জেলার বাসিন্দাদের।
রাতদিন কাজ করে মাস্ক সরবরাহ নিশ্চিত করছে এ শিল্পের শ্রমিকরা। তবে চিকিৎসকরা বলছেন, দেশীয় প্রযুক্তির এসব মাস্ক বিজ্ঞানসম্মত নয় বলে, তা করোনাসহ কোন ভাইরাস প্রতিরোধে কাজ করবেনা।
ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট বাইপাস এলাকার এই কারখানায় সাপ্তাহ খানেক আগেও তৈরী হতো বিভিন্ন ধরনের ব্যাগ। সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধে মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায়, এখানে মাস্ক প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাস্ক দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে।
এদিকে, সার্জিকাল মাস্ক না পাওয়ায়, নন সার্জিক্যাল মাস্কই ভরসা স্থানীয়দের। তারা চান এই সংকটময় মূহূর্তে সরকার সার্জিকেল মাস্ক তৈরীতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
উদ্ভুত পরিস্থিতি মেকাবেলায় ব্যাগ তৈরী বন্ধ রেখে, মাস্ক তৈরী করছেন বলে জানান লিখন খান নামের এক ব্যবসায়ী উদ্যোক্তা।
দেশীয় প্রযুক্তির এসব মাস্ক বিজ্ঞানসম্মত নয় জানিয়ে, বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসারে মাস্ক তৈরীর পরামর্শ চিকিৎসকদের।
ডাক্তার মোঃ আবু সাঈদ জানান, সরকার জনস্বাস্থ্যের সুরক্ষায় দ্রুত সার্জিক্যাল মাস্ক আমদানির পাশাপাশি, স্থানীয় এসব কারখানাকে বিজ্ঞানসম্মত মাস্ক উৎপাদনে প্রয়োজনীয় সহায়তা করবে, এমন প্রত্যাশা সবার।
বাংলা টিভি/রাসেল



