বিশ্ববাংলা

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার পর, যেসব অবৈধ অভিবাসী কুয়েতে রয়েছেন, তাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পেয়ে নিজ সন্তুষ্টির কথা জানিয়েছেন, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ।

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ এর টুইটারে দেয়া এক স্ট্যাটাসের বরাত দিয়ে, স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এ সংবাদ জানায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের প্রক্রিয়া সহজ করার জন্য, তাদের দূতাবাসগুলো সহযোগিতার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দূতাবাসগুলোকে ধন্যবাদ জানান। পহেলা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত, অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তারা জরিমানা ছাড়াই, কুয়েত ত্যাগ করতে পারবেন। পাশাপাশি সে দেশের সরকারের খরচে আকামা ছাড়া প্রবাসীদের তাদের নিজ নিজ দেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি।

অবৈধ অভিবাসী বাংলাদেশীদের জন্য ১৬ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস,কুয়েত সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার এই সুযোগকে কাজে লাগিয়ে, কুয়েত ত্যাগ করতে অবৈধদের আহবান জানিয়েছে।

এদিকে, কুয়েতে বৈধ হয়ে প্রবেশ করা প্রবাসীরা অবৈধ হওয়ার কারণ তার সরকার খতিয়ে দেখছে উল্লেখ করে, মন্ত্রী আনাস আল-সালেহ বলেন, যেসব কোম্পানি বা ব্যক্তি ভিসা ব্যবসার সাথে সংশ্লিষ্ট, তাদের নামের তালিকা তৈরি করতে এরই মধ্যে, তার মন্ত্রণালয় কাজ শুরু করেছে।-  আ হ জুবেদ, কয়েত প্রতিনিধি

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button