‘ভারতে আটকে পড়া আড়াই হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে’

ভারতে আটকে পড়া আড়াই হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়।
করোনাভাইরাস রোধে ভারতে চলছে লকডাউন। আর এ কারণে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায়, বিভিন্ন সময় দেশটিতে যাওয়া প্রায় আড়াই হাজার বাংলাদেশি নাগরিক ভারতে আটকা পড়েছেন।
তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে। নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্যমতে, এ মুহূর্তে বিভিন্ন কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশির সংখ্যা প্রায় আড়াই হাজার।
যাদের মধ্যে, এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। করোনা রোধে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনো ধরণের বিদেশি ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারবে না।
দেশটির কর্তৃপক্ষ ভারত থেকেও কোনো বিদেশি নাগরিকের বহির্গমন নিরুৎসাহিত করছে। তাছাড়া ভারতের আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাও এ মুহূর্তে বন্ধ রয়েছে।
এ অবস্থায়, নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ, বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে। আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্যকোনো সমস্যার সম্মুখীন হলে, হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট রয়েছে।
বাংলা টিভি/রাসেল



