খুলছে গার্মেন্টস জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

গণপরিবহন বন্ধ থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এ সব মানুষ সামাজিক দুরত্ব বজায় রাখছে না। অনেকে গণপরিবহন না পেয়ে হেঁটে ঢাকা ফিরছেন।
জানা গেছে, দেশে করোনা ভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে গার্মেন্টকর্মীরা কর্মস্থল ছেড়ে বাড়িতে চলে আসেন। তবে গার্মেন্টে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। ফলে গার্মেন্টসকর্মীরা ছুটির মেয়াদ শেষ হওয়ায় পুনরায় কর্মস্থলে ছুটে আসছেন।
শনিবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ও মাদারীপুরের কাঠাঁলবাড়ি ঘাটে পোশাক শ্রমিকসহ মানুষের প্রচুর ভিড় দেখা গেছে।
ফলে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। গণপরিবহন বন্ধ থাকলে প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রাক, মাহেন্দ্রো, অটোরিকশা যোগে অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাটে পৌঁছাচ্ছেন এ সকল যাত্রীরা।
অন্যদিকে, ময়মনসিংহ থেকে গার্মেন্টসকর্মীরা ঢাকার পথে ছুটছেন পায়ে হেঁটেই। গ্রাম থেকে নানাভাবে ময়মনসিংহ পৌঁছালেও যানবাহন না থাকায় ঢাকামুখি গার্মেন্টস কর্মীদের স্রোত অব্যাহত রয়েছে।
এদিকে, চাকরি বাঁচানোর তাগিদে তারা ঢাকার দিকে ছুটছেন। টাঙ্গাইলের ভূঞাপুরে গার্মেন্টকর্মীদের মাইক্রোবাস, সিএনজি ও মিনি ট্রাকে করে কর্মস্থলে যেতে দেখা গেছে। এতে সুযোগ বুঝে গাড়ির ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা।



