করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে: প্রধানমন্ত্রী

সময়মত ও যথাযথ ব্যবস্থা নেওয়ায় এখনো বাংলাদেশে করোনার ব্যাপক সংক্রমণ ঘটেনি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে গণভবনে করোনা পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণাকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শনিবার পর্যন্ত ৭০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ জন মারা গেছেন। যারা মারা গেছেন তাদের বয়স ৭০ এর বেশি। আগে থেকেই তারা নানা রোগে ভুগছিলেন। তারপরও একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।’
এসময় তিনি আরও বলেন, ‘তবে এটুকুই আশার বাণী যে সুস্থতার লক্ষণ খুব বেশি, আমরা দেখছি মানুষ বেশি সুস্থ হচ্ছে; কাজেই সেখানে খুব বেশি একটা ঘাবড়ানোর কিছু নেই। তবে আমি মনে করি সকলেই যদি নিজেদেরকে যথাযথভাবে স্বাস্থ্যসম্মত নির্দেশনা মেনে চলেন তাহলে খুব দ্রুত সুস্থতা লাভ করা যেতে পারে।’
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন ‘আমরা বাংলাদেশ সময়মতো ও যথাযথ ব্যবস্থা নিয়েছি যার ফলে এর ফলে আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী করোনোভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



