কাঁটাবনে ভেসে আসছে বন্দি পশুর কান্নার শব্দ

রাজধানীর কাঁটাবনে শখের পশু-পাখির সবচেয়ে বড় বাজার। কিন্তু করোনাভাআইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে কাঁটাবন মার্কেটের শতাধিক দোকান এখন বন্ধ।
ফলে দোকাদের ভেতর আটকা পড়ে আছে পশু পাখিগুলো। আর দোকানের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে বলে স্বপন দাস নামে একজন ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
শনিবার বিকালে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, “আপনারা যে ছবিটা দেখছেন তা কাঁটাবনে অবস্থিত পশুপাখি মার্কেটের। শাহবাগ থেকে ওষুধ আনার জন্য এই পথ দিয়ে যাওয়ার সময় এক মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে।
দেখি পশুপাখির বন্ধ দোকান গুলো থেকে আঁটকে থাকা কুকুরগুলো প্রচণ্ড আর্তনাদ করছে। তাদের চিৎকার শুনলে পাষাণহৃদয় মানুষও কষ্ট পাবে। তাদের খাওয়া নেই, দাওয়া নেই। তাদের ছোট ছোট খোপের ভেতরে সেই কবে আটকিয়ে চলে গেছে কে জানে। এই প্রাণীগুলো বাঁচবে কীভাবে?”
কাঁটাবনের এই মার্কেটে দেশি-বিদেশি কুকুর, পাখি, মাছ এখানে পাওয়া যায়। লকডাউন হওয়ায় দোকান মালিকরা দোকান বন্ধ করে চলে যায়।
বন্দিদশার মধ্যে পর্যাপ্ত খাবার না পেয়ে পশু-পাখিগুলো এই আচরণ করছে বলে জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।



