আওয়ামী লীগরাজনীতি

কয়েকটি দেশ থেকে প্রবাসীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত

যাচাই-বাছাই সাপেক্ষে কয়েকটি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় দেশে ফেরত আনা প্রবাসীদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে রাখা হবে বলেও জানান তিনি।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে মানবিক বিবেচনায় প্রাথমিকভাবে কুয়েত থেকে ৩১৬ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে।

এছাড়া ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মরত ১৫০ জন কর্মী এবং সেখানে অধ্যয়নরত ২৬ জন শিক্ষার্থীকে আনতে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কোরিয়ায় পাঠানো হবে বলে জানানো হয়।

তিনি আরও বলেন, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য ঋণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি প্রাথমিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন অর্থ-ঋণ সহায়তা প্রদানের কথা জানান।

এসময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button